হোলিতে রঙ খেলায় অশালীন স্পর্শের অভিযোগে অভিনেত্রীর মামলা

হোলিতে রঙ খেলায় অশালীন স্পর্শের অভিযোগে অভিনেত্রীর মামলা

মুম্বাইয়ে  হোলি পার্টিতে শ্লীলতাহানির অভিযোগে সহ-অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক অভিনেত্রী। স্থানীয় থানায় তার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।

২৯ বছর বয়সী ওই অভিনেত্রী বর্তমানে মুম্বাইয়ের বেশ কিছু সিরিয়ালে কাজ করছেন এবং সম্প্রতি একটি বিনোদন চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। গত ১৪ মার্চ তিনি একটি হোলি পার্টিতে অংশ নেন, যেখানে আরও বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী উপস্থিত ছিলেন।

পার্টি চলাকালীন সব কিছু স্বাভাবিকভাবে চলছিল। তবে, হঠাৎই অভিযুক্ত সহ-অভিনেতা মদ্যপ অবস্থায় পার্টিতে উপস্থিত হন এবং রঙ মাখানোর সুযোগে অশালীন স্পর্শ করতে শুরু করেন। এমন অবস্থায়, অভিনেত্রী তার সহ-অভিনেতাকে এড়িয়ে চলার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত পার্টির ফুচকার স্টলের পিছনে লুকানোর চেষ্টা করেন। কিন্তু সেখানে পৌঁছে গিয়ে অভিযুক্ত সহ-অভিনেতা তাকে জাপটে ধরে অশালীনভাবে রঙ মাখান।

অভিনেত্রী প্রতিবাদ করলেই অভিযুক্ত সহ-অভিনেতা তাকে বলেন, আমি তোমাকে ভালোবাসি। আমি দেখব, তোমাকে পেতে কে বাধা দেয়। এসব ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী। শেষে তিনি পার্টি ত্যাগ করে রেস্টরুমে গিয়ে ফোন করেন তার এক বন্ধুকে। দ্রুত তার বন্ধু সেখানে পৌঁছান এবং অভিযুক্তের সঙ্গে কথাবার্তা শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ঘটে।

পরে ওই অভিনেত্রী তার বন্ধু সহ থানায় গিয়ে পুরো ঘটনার বিস্তারিত পুলিশকে জানান এবং সহ-অভিনেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৭৫(১)(আই) ধারাসহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

All Categories