হল ত্যাগ না করার সিদ্ধান্ত ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের, চলবে কর্মসূচি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণার পরও আন্দোলন থেকে সরে আসেননি শিক্ষার্থীরা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হল ত্যাগ করবেন না এবং যৌক্তিক দাবির পক্ষে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন।

শনিবার (২১ জুন) সন্ধ্যায় কলেজ কর্তৃপক্ষের একতরফা ঘোষণার পর আন্দোলনরত শিক্ষার্থীরা এসব কথা জানান।

এর আগে সকালে পাঁচ দফা দাবিতে মিলন চত্বরে অবস্থান কর্মসূচি ও মিছিলে অংশ নেন শিক্ষার্থীরা। তবে বিকেলে কলেজ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে আগামীকাল রোববার (২২ জুন) দুপুর ১২টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেয়।

শিক্ষার্থীদের পক্ষ থেকে তৌহিদুল আবেদীন তানভীর বলেন, আমরা হল ত্যাগ করছি না। কোনো আলোচনা ছাড়াই আমাদের আন্দোলন বন্ধ করতে কলেজ প্রশাসন একতরফাভাবে এ সিদ্ধান্ত নিয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।

তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ ভবনে জীবন নিয়ে থাকতে হচ্ছে আমাদের। এর কোনো বিকল্প ব্যবস্থা না করে বরং আমাদের হল থেকে বের করে দিতে চাচ্ছে প্রশাসন। আমরা শান্তিপূর্ণভাবে হলে থাকব এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব।

এক নারী শিক্ষার্থী বলেন, বিকল্প ব্যবস্থা ছাড়াই হলে তালা দেওয়ার নির্দেশ মানে আমাদের নিরাপত্তা ও শিক্ষাজীবন দুটোই হুমকির মুখে ফেলা। আমরা আন্দোলনে আছি এবং থাকব।

ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কলেজের চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আগামীকাল থেকে একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। সব ছাত্রছাত্রীকে দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।’ তবে পেশাগত পরীক্ষার্থীরা এবং বিদেশি শিক্ষার্থীরা এ নির্দেশনার আওতামুক্ত থাকবেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। দাবি বাস্তবায়ন না হলে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

All Categories