হামজার পর এবার সামিত জাতীয় দলে খেলার অপেক্ষায়
বাংলাদেশের ফুটবলে প্রবাসী ফুটবলারের আগমন এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীর পর এবার কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোমও গায়ে জড়াতে চাইছেন লাল-সবুজ জার্সি। সেই লক্ষ্যে তিনি ইতোমধ্যে কানাডার টরন্টোয় বাংলাদেশি কনস্যুলেটে পাসপোর্টের আবেদনও করেছেন।
বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ সামিতের নতুন নয়। বেশ কয়েক বছর ধরেই তাঁর নাম ঘুরেফিরে এসেছে ফুটবল অঙ্গনে। তবে এবার তিনি আনুষ্ঠানিকভাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। জাতীয় দলে হামজার অভিষেকের পরই সামিত নিজের ইচ্ছা জানিয়ে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)।
গতকাল টরন্টোয় বাংলাদেশি কনস্যুলেট অফিসে পাসপোর্ট আবেদনের সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সাংবাদিকতা পেশা থেকে আসা ও বর্তমানে কানাডা প্রবাসী আবু সাদাত। তিনি সামিতের সঙ্গে বেশ কিছু সময় কাটান ও খোলামেলা কথা বলেন।
সেদিনের অভিজ্ঞতা জানাতে গিয়ে সামিত বলেন, এক্সাইটিং। এখানে এসে সবকিছুই বাস্তব মনে হচ্ছে। আশা করি, শিগগিরই পাসপোর্ট ও ফিফার অনুমোদন পেয়ে যাব। তারপর বাংলাদেশের হয়ে খেলতে পারব।
সামিত জানালেন, বাংলাদেশ দলে খেলার অনুপ্রেরণা পেয়েছেন জাতীয় দলের বর্তমান খেলোয়াড়দের কাছ থেকেই। বাংলাদেশের খেলা অনেক উন্নত হয়েছে। হামজা চৌধুরী যদি খেলতে পারে, আমিও পারব। তারিক কাজী, জামাল ভূঁইয়া, কাজেম শাহ, সায়েদ তাদের সঙ্গে পরিচয় ছিল আগেই। সেই জায়গা থেকেই আগ্রহটা তৈরি হয়েছে। মনে করেছি, সময় হলে খেলব।
বাংলাদেশের হয়ে খেলার স্বপ্নে এগিয়ে যাওয়া এই ফুটবলার আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে আশাবাদী। বলেন, আশা করি, সবকিছু ঠিকঠাক হলে খেলার সুযোগ পাব।
ফুটবল ভক্তদের আগ্রহ ও ভালোবাসাও সামিতের চোখ এড়ায়নি। সামাজিক মাধ্যমে ভক্তদের উষ্ণ বার্তায় আপ্লুত তিনি। অনেক প্রতিক্রিয়া পাচ্ছি, সবাই শুভকামনা জানাচ্ছে। খুব খুশি লাগছে। তাদের ধন্যবাদ জানাই। আমি মাঠে ভালো করতে চাই।
কানাডা জাতীয় দলের হয়ে খেলা সামিত ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেন। এরপর বাফুফে তাঁর জন্ম নিবন্ধনের সনদ তৈরি করে এবং সম্প্রতি পাসপোর্টের জন্য আবেদন করেন তিনি। সামিতের বর্তমান ক্লাবের ম্যাচ ছিল গতকাল টরন্টোতে। ম্যাচ শুরুর আগে সকালে পাসপোর্ট আবেদনের কাজ শেষ করেন তিনি।
বাফুফে সূত্র জানায়, ইতোমধ্যে কানাডা ফুটবল ফেডারেশন থেকে সামিতের খেলার জন্য অনাপত্তিপত্র পাওয়া গেছে। এখন ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে ক্লিয়ারেন্স চাওয়া হবে। সেখানে অনুমোদন পেলেই সামিত সোম হয়ে উঠবেন জাতীয় দলের লাল-সবুজের নতুন মুখ।