হামজাদের স্বপ্ন ভেঙে আট বছর পর প্রিমিয়ার লিগে ফিরল সান্ডারল্যান্ড

প্রায় এক শতাব্দী আগে, ১৯২৫ সালে লন্ডনের ওয়েম্বলিতে এফএ কাপ জিতে ইতিহাস লিখেছিল শেফিল্ড ইউনাইটেড। এরপর পেরিয়েছে দীর্ঘ সময়, ওয়েম্বলিতে খেলা হয়েছে আরও দশটি ম্যাচ—চারটি চ্যাম্পিয়নশিপ ফাইনালসহ। কিন্তু সেই ইতিহাসের পুনরাবৃত্তি আর হয়নি। এবারের ফাইনালেও কপাল খুলল না শেফিল্ডের।

চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালে সান্ডারল্যান্ডের বিপক্ষে শুরুর দিকে দারুণ খেলছিল শেফিল্ড ইউনাইটেড। ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল দলটি। স্ট্যান্ডে সমর্থকদের মাঝেও শুরু হয়ে গিয়েছিল সম্ভাব্য শিরোপা উদযাপনের প্রস্তুতি।

কিন্তু ৭৬ মিনিটে এলিজার মায়েন্ডা শেফিল্ডের সেই স্বপ্নে ছোবল দেন। এরপর অতিরিক্ত সময়ে টম ওয়াটসনের আরেকটি গোলে দুঃস্বপ্নে রূপ নেয় হামজা চৌধুরীর শিরোপার আশাভরা সন্ধ্যা। ২-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে শেফিল্ড ইউনাইটেড।

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর জন্যও এটি ছিল বড় ধাক্কা। এর আগে তার ক্লাব লেস্টার সিটি প্রিমিয়ার লিগে উঠতে ব্যর্থ হয়েছে। এবার শেফিল্ড ইউনাইটেডও সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হলো। ফলে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে বাংলাদেশের প্রতিনিধিত্বের স্বপ্ন আপাতত পূরণ হলো না হামজার মাধ্যমে।

তবে এই হার আরেক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। চ্যাম্পিয়নশিপ ফাইনাল জেতায় আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলবে সান্ডারল্যান্ড। আর সেখানেই খেলার সম্ভাবনা রয়েছে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার কিউবা মিচেল–এর। সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব–২৩ দলে খেলা এই ফরোয়ার্ডকে মূল দলে দেখা যেতে পারে নতুন মৌসুমে।

সান্ডারল্যান্ডের জন্য এটি দ্বিতীয়বার প্রিমিয়ার লিগে উঠার সাফল্য। প্রথমবার তারা এই কৃতিত্ব দেখিয়েছিল ২০১৭ সালে। দীর্ঘ আট বছর পর আবারও শীর্ষ লিগে ফিরছে দলটি। আর এই জয়ে শুধু সম্মান নয়, প্লে-অফ ফাইনাল জয়ের পুরস্কার হিসেবে ক্লাবের ঘরে ঢুকেছে প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড।

ওয়েম্বলির ইতিহাস আর ভাগ্য শেফিল্ডের পক্ষে না থাকলেও, সান্ডারল্যান্ডের জয়ে নতুন করে আশা দেখছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। এবার হয়তো কিউবা মিচেলের মাধ্যমে দেশের রক্ত বইবে ইংলিশ প্রিমিয়ার লিগের সবুজ গালিচায়।

All Categories