হাফিনিয়া-ভিনিসিউসদের নিয়ে ক্লাবগুলোকে স্বাস্থ্য সংক্রান্ত আশ্বাস দিলেন আনচেলত্তি

ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি ইউরোপের ক্লাবগুলোর উদ্বেগের প্রেক্ষিতে স্পষ্ট করে দিয়েছেন, তারকা ফুটবলারদের স্বাস্থ্যই তার প্রধান কাজের অগ্রাধিকার। তিনি নিশ্চিত করেছেন, ক্লাবগুলো খেলোয়াড়দের স্বাস্থ্য নিয়ে চিন্তা না করে শান্ত থাকতে পারে।

বার্সেলোনার অধিনায়ক হাফিনিয়ার জাতীয় দলে ডাক পেয়ে ক্লাব কোচ হান্সি ফ্লিক উদ্বেগ প্রকাশ করেছিলেন, কারণ হাফিনিয়া সাম্প্রতিক সময়ে চোটে ভুগেছেন। এই প্রসঙ্গে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আনচেলত্তি বলেন, ‘‘খেলোয়াড়রা যদি শতভাগ ফিট না থাকে, তারা অনুশীলন ও ম্যাচ খেলবেন না। আমরা তাদের মাঠে থাকার সময় এবং শারীরিক অবস্থার প্রতি বিশেষ নজর রাখি।’’

আনচেলত্তি আরও জানান, সম্প্রতি তিনটি ম্যাচে ৯ জন নতুন খেলোয়াড় ডাকা হয়েছে এবং জাপান ও সিঙ্গাপুরের ম্যাচের জন্য পাঁচ নতুন মুখ দলে আনা হয়েছে। তিনি বলেন, ‘‘এই আন্তর্জাতিক বিরতি আমাদের পরীক্ষামূলক পর্যায়ের শেষ, এরপর দল সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আমাদের তরুণ খেলোয়াড়দের মধ্যে অনেক প্রতিভা রয়েছে, যা ভবিষ্যতের জন্য আশা জাগায়।’’

ব্রাজিলের কোচ বলেন, ‘‘দলে উচ্চমানের খেলোয়াড় থাকলেও কিছু পজিশনে বিকল্প কম রয়েছে, তবে সময় রয়েছে উন্নতির জন্য।’’ আনচেলত্তির পরিকল্পনায় নতুন স্কোয়াড গঠন ও তরুণদের ওপর নির্ভরশীলতা বিশ্বকাপ ও কোপা আমেরিকা সফল করার লক্ষ্যে নেওয়া পদক্ষেপ।

All Categories