গুরুত্বপূর্ণ মামলার শুনানি লাইভ সম্প্রচার করতে হাইকোর্টের রুল
বাংলাদেশ সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক বিষয়ে হওয়া মামলার শুনানি সরাসরি সম্প্রচার না করার যৌক্তিকতা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার (২০ মে) এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে প্রশ্ন তোলা হয়েছে, সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ ও জনস্বার্থসংশ্লিষ্ট মামলার শুনানি সরাসরি সম্প্রচার করতে কেন নির্দেশ দেওয়া হবে না। একই সঙ্গে শুনানি সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং আইন মন্ত্রণালয়ের সচিবকে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন।
রিট আবেদনকারীদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্ট ও জজ কোর্টের কয়েকজন আইনজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা।
শিশির মনির বলেন, তথ্য জানার অধিকার সংবিধান ও আইন দ্বারা স্বীকৃত। স্বচ্ছ বিচারপ্রক্রিয়া একটি মৌলিক অধিকার, যা সংবিধানের ৩৫ অনুচ্ছেদে বলা আছে। বিশ্বের অনেক দেশে গুরুত্বপূর্ণ মামলার শুনানি সরাসরি সম্প্রচার করা হয়। বাংলাদেশেও এই ব্যবস্থা হওয়া উচিত।