গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যান এখন তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারপারসনের পদ শূন্য হয়েছে। দলটির গঠনতন্ত্র অনুযায়ী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তবে এ বিষয়ে দলটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। চলমান কার্যক্রম ও সংবাদ বিজ্ঞপ্তিতেও আপাতত ‘চেয়ারম্যান’ পদবি ব্যবহার করা হচ্ছে না।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, গঠনতন্ত্র অনুসারেই তারেক রহমান বর্তমানে দলের চেয়ারম্যান। তবে খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ এবং দলীয় শোক কর্মসূচির কারণে বিষয়টি কৌশলগতভাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে না। তিন দিনের রাষ্ট্রীয় শোক আজ শেষ হচ্ছে। পাশাপাশি দলীয়ভাবে সাত দিনের শোক পালন চলছে। এমন পরিস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও ঘোষণা আসতে পারে বলে জানান নেতারা।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া দলটির নেতৃত্ব গ্রহণ করেন। রাজনীতিতে যুক্ত হওয়ার আড়াই বছরের মধ্যেই তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। গত মে মাসে তাঁর নেতৃত্বের ৪১ বছর পূর্ণ হয়। এই দীর্ঘ সময়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিনবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে গেলে দলের গঠনতন্ত্র অনুযায়ী তখনকার সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। বিএনপির গঠনতন্ত্রের ৭ (গ) ধারার উপধারা ২ অনুযায়ী, চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যানের সব দায়িত্ব পালন করবেন। সে অনুযায়ী ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে তারেক রহমান এ দায়িত্ব পালন করে আসছেন।

এখন খালেদা জিয়ার মৃত্যুতে গঠনতন্ত্রের একই ধারার উপধারা ৩ কার্যকর হয়েছে। সেখানে বলা হয়েছে, যে কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান বাকি মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন এবং গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি চেয়ারম্যান হিসেবে বহাল থাকবেন।

গঠনতন্ত্রের এই বিধানের কারণে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণে আলাদা কোনো ঘোষণার প্রয়োজন নেই। তবে দলীয় শোকের কারণে এখনো বিভিন্ন সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, পুরো দেশই অভিভাবকহীনতায় পড়েছে। তাঁর ছেলে তারেক রহমানও গভীর শোকে আচ্ছন্ন। এমন পরিস্থিতিতে দলের পদ-পদবি নিয়ে কারও ভাবনা নেই। তবে বাস্তবতা হলো, তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান।

All Categories