গোপালগঞ্জে শিশুদের আটকের বিষয়ে তথ্য নেই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে
গোপালগঞ্জে এনসিপি সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় সেনাবাহিনী গুলি চালিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২০ জুই) সচিবালয়ে বৈঠক শেষে তিনি বলেন, "যে সময় যেভাবে পরিস্থিতি তৈরি হয়, সেভাবেই ব্যবস্থা নিতে হয়।"
এদিকে শিশুসহ বেশ কয়েকজন আটকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ ধরনের তথ্য আমার কাছে নেই।”
প্রসঙ্গত, গত বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সংঘর্ষ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি ছুড়তে দেখা যায়। সংঘর্ষের পর ওই জেলায় কারফিউ জারি করে সরকার। এখন কারফিউ প্রত্যাহার করে ১৪৪ ধারা জারি করা হয়।
সমকাল জানিয়েছে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ২৭৭ জনকে এ পর্যন্ত কারাগারে পাঠানো হয়। স্থান সংকুলান না হওয়ায় তাদের ১৭৭ জনকে জেলা কারাগারে রেখে বাকি ১০০ জনকে শনিবার পিরোজপুর ও বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারদের মধ্যে অন্তত ৯ শিশু হওয়ায় তাদের রোববার যশোরের পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর কথা রয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, সেনাবাহিনী পরিস্থিতির ভিত্তিতে গুলি চালিয়েছে, এবং গোপালগঞ্জে জারি থাকা ১৪৪ ধারা ধাপে ধাপে তুলে নেওয়া হবে। তিনি আরও বলেন, “অপরাধ করলে গ্রেপ্তার হবে, নির্দোষ কেউ যেন না ভোগে—এই নীতিতেই কাজ চলছে।”
আইএসপিআর-এর পক্ষ থেকেও জানানো হয়েছে, সেনাবাহিনী আত্মরক্ষার্থেই বলপ্রয়োগে বাধ্য হয়।
আসন্ন নির্বাচন নিয়ে প্রশ্নে উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে, এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ।