গোপালগঞ্জে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় তদন্ত কমিটি গঠন সরকারের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিব। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, “অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনশৃঙ্খলা বজায় রাখার প্রতি অঙ্গীকারবদ্ধ। এই ঘটনায় জড়িত যেকোনো ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।”

গোপালগঞ্জে উত্তেজনা শুরু হয় মঙ্গলবার থেকেই। বুধবার পৌর পার্ক মাঠে এনসিপির সমাবেশ শুরুর আগেই হামলা হয় পুলিশের গাড়িতে, আগুন দেওয়া হয় একটি গাড়িতে এবং হামলা হয় ইউএনওর গাড়িতে। বেলা দেড়টার দিকে সমাবেশের মঞ্চেও হামলার ঘটনা ঘটে।

পরিস্থিতি আরও ঘোলাটে হয় লঞ্চঘাট এলাকায় এনসিপি নেতাদের বহরে হামলার মাধ্যমে। সেখানে পুলিশ ও হামলাকারীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। শহরজুড়ে দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলির ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় গোটা গোপালগঞ্জ।

সংঘর্ষের পর অন্তত চারজনের লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রথমে ১৪৪ ধারা জারি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সন্ধ্যার পর শহরে কারফিউ জারি করে প্রশাসন।

All Categories