গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৫
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় আরেকজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে মারা যান তিনি। নিহত ওই ব্যক্তির নাম রমজান মুন্সী (৩২)। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।
বুধবার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় এ নিয়ে পাঁচজনের মৃত্যু হল।
এর আগে এ ঘটনায় নিহত হন, গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গিপাড়ার সোহেল মোল্লা (৪১) ও সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন (২৪)।
এ ঘটনায় গুলিবিদ্ধ আরও দুজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন, সুমন বিশ্বাস (৩০) ও আব্বাস আলী (৩০) ।
পারিবারিক সূত্রে জানা গেছে রমজান আলী মুন্সীর বাড়ি গোপালগঞ্জ সদর থানাপাড়ায়। তিনি মৃত আকবর মুন্সীর ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম বলেন, রমজান মুন্সীর মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।