গোলের রোমাঞ্চে মুগ্ধতা,মেসির খাতা শূন্য
গোলের উৎসবে মাতলেও নিজে গোলের দেখা পেলেন না লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) সান জোসে আর্থকোয়াকসের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি।
বুধবার (১৪ মে) পেপাল পার্কে হওয়া এই ম্যাচে গোলের পর গোল হয়েছে, কিন্তু ম্যাচের নায়ক হয়ে উঠতে পারেননি মেসি। একাধিক সুযোগ পেলেও বল জড়াতে পারেননি প্রতিপক্ষের জালে।
ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় মায়ামি। প্রথম মিনিটেই জর্ডি আলবার পাস থেকে লক্ষ্যভেদ করেন ম্যাক্সিমিয়ানো ফ্যালকন। তবে লিড বেশিক্ষণ টেকেনি। মাত্র দুই মিনিট পরই সান জোসের হয়ে সমতায় ফেরান ফরোয়ার্ড ক্রিস্টিয়ান আরাঙ্গো।
এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ১৮ মিনিটে আলবার পাস থেকে ডান পায়ে নেওয়া মেসির শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৪০ মিনিটে আরেকটি প্রচেষ্টা রুখে দেন সান জোসের গোলরক্ষক দানিয়েল। অতিরিক্ত সময়ে সরাসরি ফ্রি কিক থেকেও সফল হতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড।

তবে প্রথমার্ধেই তিন-তিনটি গোল দেখে সমর্থকেরা। ৩৭ মিনিটে সান জোসকে ২-১ গোলে এগিয়ে দেন বিউ লিউরক্স। ৪৪ মিনিটে মায়ামির হয়ে সমতায় ফেরান তাদিও আলেন্দে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইয়ান হার্কসের গোলে আবারও এগিয়ে যায় সান জোস।
দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলোয়াড় বদলে মাঠে নামেন রদ্রিগেজ। আর ৫২ মিনিটেই রদ্রিগেজের পাস থেকে আলেন্দে নিজের দ্বিতীয় গোল করে মায়ামিকে আবারও সমতায় ফেরান (৩-৩)।
দুই দল এরপরও একাধিক সুযোগ সৃষ্টি করলেও আর কেউ গোলের দেখা পায়নি। ৯০ মিনিটে মেসির সামনে ম্যাচ জেতানোর সুযোগ এলেও সান জোসের গোলরক্ষক দানিয়েল অসাধারণ দক্ষতায় তা ফিরিয়ে দেন।
এই ড্রয়ে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের চতুর্থ স্থানে আছে ইন্টার মায়ামি। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিনসিনাটি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ফিলাডেলফিয়া (২৬) ও কলম্বাস (২৬)।