গাইবান্ধায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ‘কম্বল দুলু’ আটক
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান দুলু, যিনি ‘কম্বল দুলু’ নামে পরিচিত, পলাশবাড়ী থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়া মাজেদুর রহমান মৃত মোকলেছুর রহমানের ছেলে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাজীর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাজেদুর রহমান দুলুর বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা ও মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কাজীর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার তাকে আদালতে হাজির করা হবে।