‘ফ্যাসিস্ট সরকার চিকিৎসা খাতের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি’
দেশের জেলা পর্যায়ের হাসপাতালে ১০টি এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে চিকিৎসা খাতের উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি আরও উল্লেখ করেন, যেসব ডায়ালাইসিস মেশিন আনা হয়েছিল, সেগুলো ব্যবহার অযোগ্য। এর ফলে লক্ষ-কোটি টাকা ব্যয় করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন।
মন্ত্রী জানান, এবারই প্রথম স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছে সরকার। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ কিছুটা কমবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী।
এদিকে, সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, বেশিরভাগ সময় মানুষ বুকের ব্যথাকে গ্যাসের ব্যথা ভেবে অবহেলা করেন। তবে, যেকোনো ধরনের বুকের ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন তারা। হৃদরোগের ঝুঁকি কমাতে ধূমপান, তামাক, অতিরিক্ত লবণ ও প্রসেসড ফুড এড়িয়ে নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তোলার পরামর্শও দেন চিকিৎসকরা।