ফুটবলের দুই রাজপুত্র, একই দলে খেলবেন মেসি-রোনালদো
ক্লাব বিশ্বকাপে আল-নাসেরের হয়ে খেলার সুযোগ নেই ক্রিস্তিয়ানো রোনালদোর। কিন্তু তাতেও থেমে নেই চমক। ফুটবলপ্রেমীদের জন্য রোমাঞ্চ জাগানিয়া খবর—এই পর্তুগিজ তারকা হয়তো আসন্ন ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন। শুধু তা–ই নয়, খেলতে পারেন লিওনেল মেসির সঙ্গে একই ক্লাবে!
এই চমকপ্রদ সম্ভাবনার কথা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সম্প্রতি আমেরিকান স্ট্রিমার আইশোস্পিডকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, ক্রিস্তিয়ানো ক্লাব বিশ্বকাপে খেলতে পারে, আলোচনা হয়েছে। যদি কোনো ক্লাব তাকে চায় এবং চুক্তি করতে চায়—কে জানে? আর ক’সপ্তাহ বাকি আছে, মজাদার কিছু ঘটতেও পারে।
এরপরই ইনফান্তিনো যুক্ত করেন, আমি তাদের একসঙ্গে খেলতে দেখতে চাই। কল্পনা করুন তো, তারা যদি একই দলে খেলে! সেটা সত্যিই হবে বিশেষ কিছু।
গুঞ্জনের কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। ক্লাবটির সহ-মালিক ডেভিড বেকহ্যাম নাকি রোনালদোকে দলে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গুঞ্জন আরও বলছে, মেসিও এই ভাবনায় সম্মত। যদি সেটি বাস্তবে রূপ নেয়, তাহলে কোচ হাভিয়ের মাশ্চেরানো পেয়ে যাবেন দুই মহাতারকায় গড়া এক স্বপ্নের স্কোয়াড।
ইন্টার মায়ামি ইতিমধ্যে ক্লাব বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে। চলতি বছরের ১৪ জুন মিশরের জায়ান্ট আল আহলির বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। এরপর ১৯ জুন পর্তুগালের এফসি পোর্তো এবং ২৩ জুন ব্রাজিলের পালমেইরাসের মুখোমুখি হবে মেসির দল।
মেসি-রোনালদো যুগের মহা-প্রতিদ্বন্দ্বিতার গল্পে যদি এবার যোগ হয় একই দলের হয়ে খেলার অধ্যায়, তাহলে ফুটবল বিশ্বে শুরু হতে পারে নতুন এক ইতিহাসের লেখা।