ফের ইনজুরিতে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার

নেইমার আর ইনজুরি দুই শব্দ যেন আজকাল সমার্থক হয়ে উঠেছে। চোট সারিয়ে ফিরলেন, খেলায় নেমে আবারও চোট এ যেন তার জীবনের এক অনাকাঙ্ক্ষিত চক্র! ফের একবার মাঠে ফিরে ইনজুরির হতাশা বয়ে বেড়াতে হলো ব্রাজিলিয়ান এই তারকাকে।

সান্তোসের হয়ে নিজের শততম ম্যাচ খেলতে নেমেছিলেন নেইমার। ভিলা বেলমিরোতে ‘১০০’ নম্বর লেখা বিশেষ জার্সি গায়ে চাপিয়ে শুরুটা করেছিলেন স্বপ্নের মতো। তবে সেই রূপকথার প্রত্যাবর্তন মাত্র ৩০ মিনিটেই রূপ নেয় দুঃস্বপ্নে। অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে ম্যাচের ৩০ মিনিটেই বাঁ ঊরুর হ্যামস্ট্রিং চোটে মাঠ ছাড়তে বাধ্য হন নেইমার।

ম্যাচের ৩৪ মিনিটে স্ট্রেচারে করে মাঠ থেকে নেওয়া হয় তাকে। চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। মুখ ঢেকে কাঁদতে দেখা যায় এই সুপারস্টারকে। কতদিন তাকে আবার মাঠের বাইরে থাকতে হবে, তা এখনো নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, পুরনো চোটই আবার ফিরে এসেছে।

গত মাসের শুরুতে ব্রাগান্তিনোর বিপক্ষে বাঁ ঊরুতে চোট পেয়েছিলেন নেইমার, যার ফলে প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন। সেই চোট কাটিয়ে গত রবিবার ফ্লুমিনেন্সের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। আর এবার সান্তোসের জার্সিতে প্রথম একাদশে ফিরেই আবারও সেই চোটে পড়লেন।

এই ম্যাচে সান্তোস অ্যাটলেটিকো মিনেইরোকে ২-০ গোলে হারালেও নেইমারের ইনজুরি ছায়া ফেলেছে জয়োৎসবের ওপর।

এর আগেও ইনজুরি বারবার থামিয়ে দিয়েছে নেইমারকে। ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর হাঁটুর চোট পান তিনি। এরপর সৌদি ক্লাব আল হিলালের হয়ে কয়েকটি ম্যাচ খেললেও নভেম্বরে ফের ছিটকে যান মাঠের বাইরে। গত ১৮ মাসে আল হিলালের হয়ে খেলতে পেরেছেন মাত্র ৭টি ম্যাচ।

বারবার ইনজুরির ধাক্কা নেইমারের ক্যারিয়ারকে ধীর করে দিয়েছে। প্রশ্ন উঠছে এই চোটের বৃত্ত ভেঙে সুস্থভাবে মাঠে ফিরতে পারবেন তো নেইমার?

All Categories