ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ হারিয়ে হাইকোর্টে রিট করেছিলেন সাবেক সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। আজ মঙ্গলবার (৩ জুন) এ রিটের প্রাথমিক শুনানিতে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ জানতে চেয়েছেন—বিসিবি পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল এবং আমিনুল ইসলাম বুলবুলকে মনোনীত করার সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না।

একই সঙ্গে বিসিবির পরিচালনা পর্ষদের কার্যক্রমে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত। ফলে নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড কার্যক্রম চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী মাহিন এম রহমান।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে বিসিবির পরিচালনা পর্ষদে আসেন ফারুক আহমেদ। গত বছর পরিচালকদের ভোটে তিনি বোর্ড সভাপতি নির্বাচিত হন। কিন্তু চলতি বছরের ২৯ মে তার মনোনয়ন বাতিল করে দেয় এনএসসি। ফলে স্বয়ংক্রিয়ভাবে সভাপতির পদও হারান তিনি।

পরদিন আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালক হিসেবে মনোনীত করে এনএসসি। এরপর পরিচালকদের ভোটে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হন এই সাবেক অধিনায়ক ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।

এই প্রেক্ষাপটে এনএসসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ফারুক আহমেদ। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী এ কে এম আজাদ হোসেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। এনএসসির পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীম।

রুলের জবাবে চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের কারণ দর্শাতে বলা হয়েছে।

All Categories