ফারুকীর ডাকা সংবাদ সম্মেলন বাতিল, সাংবাদিক না আসার দায়ে ব্যাখ্যা একাডেমির

বাংলা একাডেমির সংস্কার ইস্যুতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলন স্থগিত হওয়ার কারণ ব্যাখ্যা করেছে প্রতিষ্ঠানটি।

শনিবার (২৪ মে) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ জানায়, সংবাদ সম্মেলনের খবর সাংবাদিকদের জানানোর দায়িত্ব যাদের ওপর ছিল, তারা নির্ধারিত সাংবাদিকদের সঙ্গে যোগাযোগই করেননি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর আহ্বানে শনিবার দুপুর ২টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ে মাত্র পাঁচজন সাংবাদিক সেখানে উপস্থিত হন। এরপর দেড় ঘণ্টা অপেক্ষা করেও উপস্থিতি না বাড়ায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম সংবাদ সম্মেলন স্থগিতের ঘোষণা দেন।

প্রায় ফাঁকা সভাকক্ষের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে একাডেমির পক্ষ থেকে বলা হয়, “সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনটি স্থগিত করা প্রসঙ্গে গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদন আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আজকের সংবাদ সম্মেলন শুরুর ঠিক আগে জানা যায়, সাংবাদিকদের সঙ্গে যোগাযোগের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট শাখা সংস্কৃতি বিটের সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেননি।”

একাডেমি আরও জানায়, যেহেতু অনুষ্ঠানটি মূলত সংস্কৃতি বিটের সাংবাদিকদের জন্যই আয়োজন করা হয়েছিল, তাই দুঃখ প্রকাশ করে সংবাদ সম্মেলনটি ‘পরবর্তী সুবিধাজনক সময়ে’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলা একাডেমি জানিয়েছে, ‘শীঘ্রই যথাবিহিত ব্যবস্থাগ্রহণপূর্বক’ স্থগিত সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

উল্লেখযোগ্যভাবে, সংস্কার ইস্যুতে এই নিয়ে দ্বিতীয়বারের মতো সংবাদ সম্মেলন স্থগিত করা হলো। এর আগে গত বৃহস্পতিবার একই সময়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও ‘অনিবার্য’ কারণে তা স্থগিত করা হয়। পরে শনিবারের জন্য নতুন সূচি নির্ধারণ করা হয়।

শনিবার নির্ধারিত সময় দুপুর ২টায় অনুষ্ঠানে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও একাডেমির সংশ্লিষ্ট ব্যক্তিরা সাংবাদিকদের উপস্থিতি পর্যবেক্ষণ করে উপদেষ্টার দপ্তরে বার্তা পৌঁছে দেন। দুপুর আড়াইটায় মহাপরিচালক জানান, সংবাদ সম্মেলন শুরু হবে দুপুর ৩টায়। তবে ততক্ষণে সাংবাদিকদের সংখ্যা না বাড়ায় দুপুর সাড়ে ৩টায় এসে সংবাদ সম্মেলন স্থগিতের ঘোষণা দেন তিনি।

All Categories