ফাইনালে পিএসজি, আর্সেনালকে বিদায় করে ইতিহাস গড়ার পথে এনরিকের দল
দ্বিতীয় লেগেও দাপট ধরে রেখে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিল প্যারিস সাঁ জার্মেই (পিএসজি)। বুধবার (৮ মে) রাতে পার্ক দে প্রিন্সেসে সেমিফাইনালের ফিরতি পর্বে ইংলিশ ক্লাব আর্সেনালকে ২-১ গোলে হারায় ফরাসি জায়ান্টরা।
দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জয় পায় লুইস এনরিকের শিষ্যরা। ফলে দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার মঞ্চের ফাইনালে উঠল পিএসজি।
ম্যাচের শুরুতে বল দখলে এগিয়ে ছিল আর্সেনাল। প্রথমার্ধে বেশ কয়েকবার পিএসজির রক্ষণভাগে চাপ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি মিকেল আর্তেতার দল। পিএসজির হয়ে ম্যাচের ২৭তম মিনিটে প্রথম গোলটি করেন ফাবিয়ান রুইজ। আর্সেনালের থমাস পার্টের ভুল হেড থেকে বল পেয়ে জোরালো শটে দলকে এগিয়ে দেন এই মিডফিল্ডার।
৬৯ মিনিটে আশরাফ হাকিমির শট হাতে লাগান আর্সেনালের মাইলস লুইস-স্কেলি। ফলে পেনাল্টির সুযোগ পায় পিএসজি। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন ভিটিনহা। ডেভিড রায়া সহজেই বল ঠেকিয়ে দেন।
তবে পেনাল্টি মিসের তিন মিনিট পর নিজেই ব্যবধান দ্বিগুণ করেন হাকিমি। চমৎকার শটে রায়াকে পরাস্ত করে স্কোরলাইন করেন ২-০।
৭৭তম মিনিটে একটি গোল শোধ দেন আর্সেনালের বুকায়ো সাকা। পিএসজির মারকুইনহোসের ভুল থেকে বল পেয়ে জালে জড়ান তিনি। তবে এর পর আর্সেনালের আরও একটি সহজ সুযোগ নষ্ট হলে ম্যাচে আর ফিরে আসা সম্ভব হয়নি।
২০২০ সালের পর দ্বিতীয়বার ইউরোপ সেরার লড়াইয়ে উঠল পিএসজি।
ফাইনালে তাদের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। ম্যাচটি অনুষ্ঠিত হবে জার্মানির মিউনিখের অ্যালিয়েঞ্জ এরেনায়।