এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫, কমেছে জিপিএ-৫
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হয়। এবারে গড় পাসের হার ৬৮ দশমিক ৮৫ শতাংশ।
ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন।
তিনি জানান, এবার ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্র ছিল ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন এবং ছাত্রী ছিল ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন।
দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হয় গত ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। মাত্র দুই মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করল শিক্ষা মন্ত্রণালয়। ফল তৈরি হয়েছে বাস্তব মূল্যায়ন নীতির ভিত্তিতে।
গত বছরের তুলনায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। ২০২৪ সালে এসএসসিতে পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী। সেই তুলনায় এবছর পাসের হার কমেছে প্রায় ১৪ শতাংশ পয়েন্ট, আর জিপিএ-৫ পেয়েছে প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী কম।
আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করে ফল জানা যাবে।
এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। উদাহরণ: SSC Dha 123456 2025 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।
দাখিলের ফল পেতে Dakhil লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2025 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। আর কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2025 লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।