এনবিআরের অচলাবস্থা কাটাতে বিকেলে অর্থ উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ী-আন্দোলনকারীদের বৈঠক
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে পৃথকভাবে বৈঠকে বসবেন ব্যবসায়ী নেতারা ও আন্দোলনরত এনবিআর কর্মকর্তারা। আজ শনিবার (২৯ জুন) বিকেলে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ব্যবসায়ী নেতা ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। একইভাবে এনবিআর রিফর্ম ইউনিটি পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাবদার জানিয়েছেন, আন্দোলনকারী কর্মকর্তাদের পক্ষ থেকেও বৈঠকে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে সম্ভাব্য অংশগ্রহণকারীদের একটি তালিকা তৈরি করা হয়েছে।
সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, অর্থ উপদেষ্টা বিকেল পাঁচটায় আমাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জেনেছি। এনবিআর কর্মকর্তাদের সঙ্গে পরবর্তী সময়ে আলাদা বৈঠক হবে।” তিনি আরও বলেন, “কাস্টমস কার্যক্রম বন্ধ থাকায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশি ব্যবসায়ীদের মধ্যে আস্থার সংকট তৈরি হচ্ছে, যা দীর্ঘমেয়াদে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।
এনবিআরের চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দ্বিতীয় দিনে আজও আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। বন্দরে পণ্য খালাস ও জাহাজে তোলার কাজ না হওয়ায় স্থবির হয়ে পড়েছে বাণিজ্যিক প্রবাহ। কর্মকর্তারা জানিয়েছেন, কেবল বৈদেশিক যাত্রীসেবা এই কর্মসূচির আওতামুক্ত রয়েছে।
অন্যদিকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের সদর দপ্তরের সামনে আজও জড়ো হন উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা-কর্মচারী। তাঁরা এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণের দাবিতে স্লোগান দেন। আন্দোলনকারীদের দাবি, চলমান সংকটের পেছনে চেয়ারম্যানের একক সিদ্ধান্ত, প্রশাসনিক অনিয়ম ও ‘দায়িত্বজ্ঞানহীন’ ভূমিকা রয়েছে।