এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে নিহত ৩

 

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ষোলঘর যাত্রীছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন প্রাইভেট কারের যাত্রী রাইসা আক্তার (২০), আরমান হোসেন (২৫) ও তানজিল (২৫)। তবে তাঁদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রবিন হোসেন নামের এক যাত্রী।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে ওই চারজন ঢাকা থেকে মাওয়া বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার ভোরে ফেরার পথে দ্রুতগতির প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই আরমান ও তানজিল মারা যান। চারজনকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জানান, নারীসহ তিনজন মৃত ছিলেন। আহত রবিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়ি ও হতাহতদের সরিয়ে নেয়। পানি ছিটিয়ে এক্সপ্রেসওয়ের ওই অংশ পরিষ্কার করার পর বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

All Categories