এক ম্যাচে তিন সুপার ওভার, অবিশ্বাস্য ম্যাচে নেদারল্যান্ডসের জয়
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে স্কটল্যান্ডের গ্লাসগোতে ইতিহাস গড়লো নেদারল্যান্ডস ও নেপালের মধ্যকার ম্যাচ। ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এক ম্যাচে দেখা গেল তিনটি সুপার ওভারের রোমাঞ্চ। শেষ পর্যন্ত নাটকীয় এই লড়াইয়ে জয় পায় নেদারল্যান্ডস।
গতকাল সোমবার নেদারল্যান্ডসের দেওয়া ১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ ওভারে ১৬ রান দরকার ছিল নেপালের। ব্যাটার নন্দন যাদব ও সন্দ্বীপ লামিচানে ঠিক ১৬ রান তুলে ম্যাচ টাই করেন। ফলে খেলা গড়ায় প্রথম সুপার ওভারে।
প্রথম সুপার ওভারে নেদারল্যান্ডসের বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ডোরামের ওভারে কুশল ভুর্তেল মারেন দুই ছক্কা ও এক চার, নেপাল তোলে ১৯ রান। জবাবে মাইকেল লেভিট ও ম্যাক্স ও’ডাউড সমান ১৯ রান তুলে ম্যাচ নিয়ে যান দ্বিতীয় সুপার ওভারে।
দ্বিতীয় সুপার ওভারে নেদারল্যান্ডস করে ১৭ রান। লক্ষ্য তাড়ায় রোহিত পৌডেল ও দীপেন্দ্র সিং এয়ারি খেলেন দারুণ। শেষ বলে দরকার ছিল ৭ রান, এয়ারি মারেন বিশাল ছক্কা ফলে ম্যাচ যায় তৃতীয় সুপার ওভারে।
তৃতীয় সুপার ওভারে বল করতে আসেন নেদারল্যান্ডসের অফস্পিনার জ্যাক লায়ন-ক্যাশে। প্রথম দুই বলে তুলে নেন পৌডেল ও রুপেশ সিংয়ের উইকেট। নেপাল এক রানও করতে পারেনি। জবাবে মাইকেল লেভিট প্রথম বলেই ছক্কা মেরে ম্যাচ শেষ করেন।
এর আগে প্রথম ইনিংসে নেদারল্যান্ডস তোলে ১৫২ রান, জবাবে সমান রানই তোলে নেপাল। ম্যাচটি ছিল শ্বাসরুদ্ধকর। মাঠে থাকা দর্শক থেকে শুরু করে অনলাইনে ম্যাচ দেখানো দর্শকরাও উপভোগ করেন এমন রোমাঞ্চকর লড়াই।
এটা শুধু একটা ম্যাচ ছিল না, ক্রিকেট ইতিহাসে অনন্য এক অধ্যায়।