এক লাখ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখ ৮২২টি এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সোমবার এনটিআরসিএর সদস্য মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ জুন থেকে নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হবে। চলবে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ১৩ জুলাই পর্যন্ত।

এবারের নিয়োগে স্কুল ও কলেজ পর্যায়ে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ৫৪ হাজার ৬১১টি পদে নিয়োগ দেওয়া হবে।

প্রত্যেক প্রার্থী সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রমে বেছে নিতে পারবেন। আবেদন করতে হবে এনটিআরসিএ ও টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে। আবেদন ফি ১ হাজার টাকা। ফি জমা না দিলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীর বয়স গণনা করা হবে ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ ৪ জুন ২০২৫ অনুযায়ী। ওই তারিখে প্রার্থীর বয়স ৩৫ বছর বা কম হতে হবে। নিবন্ধন সনদের মেয়াদও ধরা হবে ওই তারিখ থেকে তিন বছর।

মিথ্যা তথ্য দিয়ে কেউ সুপারিশপ্রাপ্ত হলে তার নিয়োগ সুপারিশ বাতিল করা হবে। পাশাপাশি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগপত্র দিতে ব্যর্থ হলে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের এমপিও স্থগিত বা বাতিল করা হবে। একইসঙ্গে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শূন্যপদের চাহিদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সংগৃহীত হয়েছে। ভুল চাহিদাজনিত কোনো জটিলতার জন্য এনটিআরসিএ দায়ী থাকবে না।

All Categories