ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সচিবালয়ের কর্মচারীদের
সরকারি চাকরি আইন সংশোধন করে জারি করা অধ্যাদেশ বাতিল না হলে ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ‘সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’।
সোমবার সকালে সচিবালয়ে বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে সংগঠনের নেতারা বলেন, সংশোধিত আইন ঘুষ-দুর্নীতিকে উৎসাহিত করে এবং এটি সরকারিবান্ধব নয়, বরং সরকারি কর্মচারীদের দুর্বল করে ফেলার ষড়যন্ত্র।
ঐক্য ফোরামের নেতারা দাবি করেন, ‘এই অধ্যাদেশ দেশের স্বার্থে হয়নি। এটি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অপচেষ্টা। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, তবে কেউ যদি এটিকে দুর্বলতা মনে করেন, সেটাই হবে বড় ভুল।’
তারা জানান, আজ সোমবার স্থানীয় সরকার ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। আগামীকাল অর্থ ও আইন উপদেষ্টার কাছেও স্মারকলিপি দেওয়া হবে।
চলমান আন্দোলনের অংশ হিসেবে সচিবালয়ে গত ১০ দিন ধরে কর্মচারীরা নানা কর্মসূচি পালন করে আসছেন।
প্রসঙ্গত, গত ২৫ মে রাতে সরকারি চাকরি আইন সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করে সরকার। এই অধ্যাদেশে গ্রেপ্তারসংক্রান্ত অনুমতির বিষয়টি আবারও যুক্ত হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন কর্মকর্তা-কর্মচারীরা।
ঐক্য ফোরামের পক্ষ থেকে দ্রুত এই অধ্যাদেশ বাতিলের আহ্বান জানানো হয়। তা না হলে ঈদের পর আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন সংগঠনের নেতারা।