ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে শুরু করেছে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম। রবিবার (২৫ মে) সকাল ৮টায় ৪ জুনের ট্রেনের টিকিট বিক্রির মাধ্যমে শুরু হয়েছে এই কর্মসূচি।

শতভাগ অনলাইন টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়ায় এ বছর কাউন্টার থেকে কোনো আন্তঃনগর টিকিট সংগ্রহ করা যাবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় দুপুর ২টায়।

রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ঈদ উপলক্ষে যাত্রীচাপ সামাল দিতে ৫টি রুটে ১০টি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এসব ট্রেন চলবে ঈদের আগে ৪–৬ জুন এবং ঈদের পর ৯–১৪ জুন পর্যন্ত। ঈদের দিনেও কিছু বিশেষ ট্রেন চালানো হবে। তবে এসব বিশেষ ট্রেনের টিকিট মিলবে শুধুমাত্র স্টেশন কাউন্টারে, অনলাইনে নয়।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ঈদে চলবে ৪৩টি আন্তঃনগর ট্রেন, যাতে থাকবে ৩৩ হাজার ৩১৫টি আসন। এর বাইরে প্রতিটি ট্রেনে ২৫ শতাংশ দাঁড়ানো টিকিট বরাদ্দ রাখা হয়েছে, যেগুলোও স্টেশনে সরাসরি বিক্রি হবে।

একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। তবে অগ্রিম টিকিট ফেরতযোগ্য নয়, এ বিষয়ে আগেই সতর্ক করেছে রেল কর্তৃপক্ষ।

All Categories