ঈদ শুভেচ্ছা বিনিময় ইউনূস-মোদির
ঈদুল আজহার পবিত্রতা, ত্যাগ ও উদারতার চেতনাকে সম্মান জানিয়ে আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই নেতার বার্তায় উঠে এসেছে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকারের বার্তা।
রবিবার (৮ জুন) অন্তর্বর্তী সরকারের ভেরিফায়েড ফেসবুক পেজে উভয় নেতার শুভেচ্ছা বার্তা প্রকাশিত হয়। প্রকাশিত তথ্যানুযায়ী, গত শুক্রবার (৬ জুন) মোদিকে পাঠানো চিঠিতে অধ্যাপক ইউনূস লেখেন, “পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার এই চেতনা আমাদের দুই জাতিকে জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে বলে আমি আত্মবিশ্বাসী।”
অধ্যাপক ইউনূস আরও বলেন, “ঈদুল আজহা হচ্ছে এমন একটি সময়, যা মানুষকে আত্মবিশ্লেষণের সুযোগ দেয় এবং বৃহত্তর মানবিকতার জন্য একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করে।” তিনি মোদির আন্তরিক বার্তা ও শুভেচ্ছাকে তাঁর জন্য বিশেষ প্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করেন এবং মোদি ও ভারতের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
এর আগে, ৪ জুন বাংলাদেশের জনগণ ও অধ্যাপক ইউনূসকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী। তিনি তাঁর বার্তায় লেখেন, “ঈদুল আজহা ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। দেশব্যাপী ইসলাম ধর্মাবলম্বী কোটি কোটি মানুষের মধ্যে বিপুল উৎসাহ ও আনন্দের সঙ্গে এই উৎসব উদযাপিত হয়।”
মোদি আরও বলেন, “এটি আমাদের ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের চিরন্তন মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়, যা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” একইসঙ্গে, অধ্যাপক ইউনূসের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনাও জানান তিনি।