ঈদ সামনে রেখে পুলিশের সব ছুটি বাতিল: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা জোরদারে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। এ লক্ষ্যে পুলিশের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ‘ঈদের ১০ দিনের ছুটিকে ঘিরে রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের সব ছুটি বাতিল করা হয়েছে। তারা সড়ক, টার্মিনাল, স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে।’
ঈদযাত্রায় যাত্রী হয়রানি ও চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চাঁদাবাজি কোনোভাবেই বরদাশত করা হবে না। যেই দলেরই হোক, দলীয় পরিচয় বিবেচনা না করেই ব্যবস্থা নেওয়া হবে।’
যাত্রী পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন যান চলাচল রোধে সারাদেশে চলবে বিশেষ নজরদারি। এ জন্য মোবাইল কোর্ট ও যৌথ মনিটরিং টিম মাঠে থাকবে বলেও জানান তিনি।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে সতর্ক করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভাড়ার তালিকা অনুযায়ী ভাড়া আদায় নিশ্চিত করতে জেলা প্রশাসন, বিআরটিএ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘গত ঈদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার যাত্রাপথ আরও নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, সরকারের এসব প্রস্তুতি যাত্রীদের জন্য একটি নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করবে।