দুই ঘণ্টা পর সচল শাহ আমানতের রানওয়ে
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রী নিয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট অবতরণের পর যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আটকে পড়ে। এতে বিমানবন্দরের রানওয়েতে দুই ঘণ্টার মতো বিমান চলাচল বন্ধ থাকে। তবে ফ্লাইটে থাকা ৩৮৭ হজযাত্রীর সবাই নিরাপদে বিমান থেকে নামতে সক্ষম হন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৮ ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে। অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে গিয়ে ইউটার্ন নেওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি থেমে যায়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল প্রথম আলোকে বলেন, “বিমানটি নামার পর যান্ত্রিক ত্রুটির বিষয়টি ধরা পড়ে। এরপর সতর্কতামূলকভাবে রানওয়ে বন্ধ রাখা হয়। বড় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ফ্লাইটে থাকা সব যাত্রীই নিরাপদে আছেন।”
পরে সকাল ১১টা ২০ মিনিটের দিকে টাগকার (টোইং ভেহিকল) দিয়ে বিমানটিকে সরিয়ে নেওয়া হয়। এরপর বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হয়।
ফ্লাইটটিতে থাকা হজযাত্রী আব্দুর রহমান বলেন, “মদিনা থেকে গতকাল রাত সাড়ে ১১টায় আমরা রওনা হই। চট্টগ্রামে অবতরণের সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ইউটার্ন নেওয়ার সময় হঠাৎ করে বিমানটি থেমে যায়। আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি।প্রায় দুই ঘণ্টা পর বিমানটি নিরাপদে সরিয়ে নেওয়া হয়।