দ্রুতই চূড়ান্ত হচ্ছে ভোটের তারিখ,প্রস্তুতির প্রায় শেষ পর্যায়ে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। নির্বাচন কমিশন (ইসি) দেশজুড়ে ভোটের আয়োজনের প্রস্তুতি এগিয়ে নিয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে, বিশেষ করে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে পারে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন।

ইসির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রমজানের আগেই নির্বাচন শেষ করতে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। সে অনুযায়ী ফেব্রুয়ারির শুরুতেই ভোটগ্রহণের লক্ষ্য নির্ধারণ করে প্রস্তুতি নিচ্ছে কমিশন। সম্ভাব্য তারিখ হিসেবে ৫ ও ১২ ফেব্রুয়ারির কথাই আলোচনায় থাকলেও ১২ ফেব্রুয়ারির দিকেই বেশি ঝুঁকছে কমিশন।

সিংহভাগ প্রস্তুতি শেষ

ভোটার তালিকা, সীমানা পুনর্নির্ধারণ, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনসহ নির্বাচনের বিভিন্ন প্রস্তুতি প্রায় সম্পন্ন। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘জাতীয় নির্বাচন কেন্দ্র করে অনেক গুরুত্বপূর্ণ কাজ শেষ হয়েছে। কিছু কাজ আছে যা তফসিল ঘোষণার পরই সম্পন্ন করতে হয়। জনগণ খুব শিগগিরই নির্বাচনের চূড়ান্ত তারিখ জানতে পারবে।’

ইসির তথ্যমতে, তফসিল ঘোষণার জন্য হাতে প্রায় ৬০ দিনের সময় রেখে কাজ চলছে। সেপ্টেম্বরে শেষ হবে নির্বাচনের জন্য প্রয়োজনীয় কেনাকাটা। ভোটের পর পরপর দুদিন ছুটি রাখতে চায় কমিশন, যাতে ভোটারদের অংশগ্রহণ বাড়ে। এজন্য সপ্তাহের শেষ দিকে অর্থাৎ বৃহস্পতিবারই ভোটগ্রহণের পরিকল্পনা করছে ইসি।

৩৯ আসনের সীমানায় পরিবর্তন

সারা দেশের ৩৯টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনে নির্বাচন কমিশন একটি খসড়া চূড়ান্ত করেছে। এসব আসনের মধ্যে রয়েছে:

ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪, ১৯, গাজীপুর-১, ২, ৩, ৫, ৬, নারায়ণগঞ্জ-৩, ৪, ৫, চট্টগ্রাম-৭, ৮, কুমিল্লা-১, ২, ১০, ১১, নোয়াখালী-১, ২, ৪, ৫, ব্রাহ্মণবাড়িয়া-২, ৩, সিলেট-১, ৩, পঞ্চগড়-১, ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১, ২, সাতক্ষীরা-৩, ৪, শরীয়তপুর-২, ৩, বাগেরহাট-২, ৩।

আগামী ১০ আগস্ট পর্যন্ত এসব আসনের সীমানা পরিবর্তনের বিরুদ্ধে আপত্তি জানানো যাবে।

নতুন ভোটার ৪৪ লাখ ৬৬ হাজার

সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে নতুন ভোটার ৪৪ লাখ ৬৬ হাজার। ইসি জানিয়েছে, আগামী ১০ আগস্ট খসড়া এবং ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা চূড়ান্ত

আসন্ন নির্বাচন ঘিরে ইসি ‘গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা–২০২৫’ এবং ‘আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা–২০২৫’ চূড়ান্ত করেছে। নতুন করে পর্যবেক্ষক সংস্থা চেয়ে গত ২৭ জুলাই গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

এর আগে, গত ১৭ জুলাই কমিশন আওয়ামী লীগের সময় নিবন্ধিত ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, যেসব বিদেশি পর্যবেক্ষক অতীতের নির্বাচনকে একতরফা সমর্থন দিয়েছেন, এবার তাদের অনুমোদন দেওয়া হবে না। আমরা দক্ষ, নিরপেক্ষ ও অভিজ্ঞ পর্যবেক্ষকদেরই নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেব।

ভোটকেন্দ্রে সিসিটিভি, সেপ্টেম্বরেই কেনাকাটা শেষ

ভোটকেন্দ্র প্রস্তুত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ইতোমধ্যে নির্দেশনা দিয়েছে ইসি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা বসাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রণালয়কে ৩ আগস্টের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা জানাতে বলা হয়েছে।

এ ছাড়া ব্যালট বক্স, ব্যালট পেপার, প্রিন্টিং সামগ্রীসহ সব নির্বাচনী উপকরণ কেনার কাজ আগামী সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে চায় নির্বাচন কমিশন।

All Categories