দ্রুত নির্বাচনসহ ৩ ইস্যুতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে চিঠি দিয়েছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ৪৩ জন সিনেটর ও এমপি। বুধবার (২১ মে) ই–মেইলের মাধ্যমে পাঠানো ওই চিঠিতে তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়েছে একটি নির্দিষ্ট নির্বাচনি রোডম্যাপ ঘোষণা, ‘জুলাই অভ্যুত্থানে’ ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ভেঙে ফেলা।
চিঠিতে বলা হয়, এসব বিষয়ে বিলম্ব বা অস্পষ্টতা জনগণের মধ্যে অবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলবে। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ ও স্থিতিশীলতা নিশ্চিতে দ্রুত এসব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
চিঠিতে বলা হয়েছে, গত জুলাইয়ে বাংলাদেশের জনগণ যে সাহসিকতা ও দৃঢ়তা দেখিয়েছে, তা আপনার প্রশাসনের জন্য একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে। এখনই সময় গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার রক্ষা এবং শাসনব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনার।
তারা বলেন, অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিক তত্ত্বাবধানে নির্বাচনের জন্য সময়সীমাসহ একটি নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। এ বছরের মধ্যেই যেন নির্বাচন হয়, এমনটাই প্রত্যাশা করছে অস্ট্রেলীয় বাংলাদেশি সম্প্রদায়।
র্যাব প্রসঙ্গে চিঠিতে উল্লেখ করা হয়, এই বাহিনী বিচারবহির্ভূত হত্যা, গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে র্যাবের হাতে ২ হাজার ৬৯৯ জন নিহত হয়েছেন। চিঠিতে র্যাব ভেঙে ফেলার দাবি জানিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের মতো অস্ট্রেলিয়ারও এ বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া উচিত।
চিঠিতে আরও বলা হয়, গত তিনটি জাতীয় নির্বাচনে বাংলাদেশে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। এসব নির্বাচনে বৈধতার ঘাটতি ছিল। এখন একটি বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা জরুরি।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক গণমাধ্যমকে জানান, এই চিঠির একটি কপি তাদের কাছেও এসেছে।
চিঠিতে স্বাক্ষরকারী ৪৩ জন এমপি ও সিনেটরের মধ্যে আছেন সিনেটর লারিসা ওয়াটার্স, সিনেটর ফাতিমা পেম্যান, সিনেটর ডেভিড শোব্রিজ, সিনেটর মেহরিন ফারুকি, সিনেটর লিডিয়া থর্প, এমপি এলিজাবেথ ওয়াটসন-ব্রাউন, এমপি জেনি লিওং, এমপি টিম রিড, এমপি শেন র্যাটেনবারি, এমপি রবার্ট সিমসসহ অনেকে।
তারা চিঠির শেষাংশে লিখেছেন, আমরা বাংলাদেশের সাহসী জনগণের পাশে আছি। গণতন্ত্র পুনরুদ্ধারে আপনার নেতৃত্ব সিদ্ধান্তমূলক হবে বলে আমরা আশাবাদী।