ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত জাতীয় নির্বাচন
জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, এ বিষয়ে তাঁর অবস্থান আগের মতোই রয়েছে—দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার কেবলমাত্র একটি নির্বাচিত সরকারেরই রয়েছে।
আজ বুধবার (২১ মে) সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত বিভিন্ন স্তরের সেনা কর্মকর্তা সরাসরি ও ভার্চ্যুয়ালি অংশ নেন।
মানবিক করিডর
রাখাইন রাজ্যে মানবিক করিডর স্থাপন সংক্রান্ত আলোচনার প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে তা অবশ্যই একটি বৈধ ও নির্বাচিত সরকারের মাধ্যমেই হতে হবে। তিনি জোর দিয়ে বলেন, জাতীয় স্বার্থ রক্ষা করেই যেকোনো পদক্ষেপ নিতে হবে এবং তা রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে হওয়া উচিত।
‘মব ভায়োলেন্স’
সাম্প্রতিক সময়ে উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ সহিংসতা বা ‘মব ভায়োলেন্স’-এর প্রসঙ্গে কঠোর মনোভাবের ইঙ্গিত দেন সেনাপ্রধান। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী আরও কঠোর অবস্থান নিচ্ছে। সংঘবদ্ধ বিশৃঙ্খলা আর বরদাশত করা হবে না।
বন্দর প্রসঙ্গ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশিদের কাছে হস্তান্তর সংক্রান্ত বিতর্ক নিয়েও বক্তব্য দেন জেনারেল ওয়াকার। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন সিদ্ধান্ত একটি রাজনৈতিক সরকারের মাধ্যমেই নেওয়া উচিত।
সংস্কার ইস্যু
দেশে চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে প্রশ্নের উত্তরে সেনাপ্রধান জানান, এসব বিষয়ে তাঁর সঙ্গে কোনো আলোচনা বা পরামর্শ করা হয়নি। তাঁর মতে, সংস্কার কীভাবে হচ্ছে, তা তিনি অবগত নন।
ঈদে নিরাপত্তা প্রসঙ্গ
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, মানুষ যেন নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সে ব্যাপারে সেনাবাহিনী প্রয়োজনীয় সহযোগিতা করবে।
তিনি সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না, যা জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে। একই সঙ্গে সবাইকে নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়ে বলেন, নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।
পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি বলেছেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি। সহযোগিতা করে যাব।