দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের গেটে এসে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে কয়েকজন ভারতীয় নাগরিক সেখানে চিৎকার–চেঁচামেচি করে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ বলেন, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের মূল গেটের সামনে আসেন। তাঁরা কিছুক্ষণ চিৎকার করেন এবং বাংলা ও হিন্দি ভাষা মিলিয়ে কথা বলেন। এ সময় ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ ও ‘হাইকমিশনারকে ধরো’ এ ধরনের স্লোগান দেওয়া হয়।

প্রেস মিনিস্টার আরও বলেন, ওই ব্যক্তিরা মূল গেটের সামনে কিছুক্ষণ অবস্থান করে চিৎকার–চেঁচামেচি করেন এবং পরে সেখান থেকে চলে যান। তবে এ সময় কোনো ধরনের শারীরিক হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। কোনো কিছু ছোড়াছুড়িও করা হয়নি।

হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে মো. ফয়সাল মাহমুদ বলেন, ‘হিন্দি ও বাংলা মিলিয়ে তারা বলছিলেন ওখানে যদি হিন্দু মারা হয়, তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলব। তবে এগুলো ছিল কথাবার্তা ও চিৎকার। কোনো শারীরিক হামলা হয়নি।

ঘটনার পরপরই শনিবার রাতে জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠক করেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ডিফেন্স উইংয়ের এক কর্মকর্তা তাঁকে জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা এসে চিৎকার করে চলে গেছেন এবং এরপর আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

All Categories