ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘নির্ঝর’, সক্রিয় থাকবে যতদিন

বর্ষা মৌসুম চলছে। তবে দেশের কোথাও এখনো স্বাভাবিক বৃষ্টিপাত হয়নি। কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় জনজীবনে বিরাজ করছে অস্বস্তি। এরই মধ্যে কিছুটা স্বস্তির সম্ভাবনার আভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সংস্থাটি জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়। নাম দেওয়া হয়েছে ‘নির্ঝর’। শুক্রবার (২৭ জুন) রাতে নিজেদের ফেসবুক পেজে এ তথ্য জানায় তারা।

বিডব্লিউওটি জানায়, ‘নির্ঝর’ চলতি বছরের সপ্তম বৃষ্টিবলয় এবং তৃতীয় মৌসুমি বৃষ্টিবলয়। এটি ২৮ জুন দেশের উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবেশ করে ধাপে ধাপে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে অগ্রসর হয়ে ৫ জুলাইয়ের মধ্যে রাজশাহী বিভাগ হয়ে বাংলাদেশ অতিক্রম করতে পারে।

বৃষ্টিবলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে উপকূলীয় এলাকায়। বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিলেট বিভাগেও থাকবে মাঝারি মাত্রার সক্রিয়তা। সেখানে পাহাড়ধসের শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে বিডব্লিউওটি।

এ ছাড়া রংপুর, ঢাকা, ময়মনসিংহ এবং বরিশাল বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

বৃষ্টিবলয়টি কালবৈশাখী নয়, তবে বজ্রপাত হতে পারে। বড় কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা না থাকলেও উপকূলীয় এলাকায় লঘুচাপের কারণে মাঝারি ধরনের ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি মৌসুমি বায়ুর প্রভাবে সাগর থাকবে উত্তাল। তাই উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

All Categories