ধেয়ে আসছে ঘূর্ণিঝড়!
চলতি মাসে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কবে হতে পারে, সে সম্পর্কে নিশ্চিত করে জানায়নি অধিদপ্তরটি।
শুক্রবার (২ মে) বার্তাসংস্থা ইউএনবি আবহাওয়া অধিদপ্তরের বরাতে জানিয়েছে, বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যেগুলোর মধ্যে অন্তত ১ থেকে ২টি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এর ফলে উপকূলীয় অঞ্চলগুলোতে সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা বাড়ানোর ওপর জোর দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া, এ মাসে দুই থেকে তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় এবং তিন থেকে পাঁচদিন হালকা কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে দেশের কিছু অংশে ১ থেকে ৩টি মৃদু ও মাঝারি এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। যেখানে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি, আর ৪০ থেকে ৪২ ডিগ্রি হলে তা তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।
দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। নদ-নদীর প্রবাহও মে মাসে সাধারণত স্বাভাবিক থাকবে, তবে বিচ্ছিন্ন ভারী বৃষ্টির কারণে উত্তর, উত্তর-পূর্ব এবং দক্ষিণাঞ্চলের নদীর পানির স্তর সময়বিশেষে বেড়ে যেতে পারে।
এর আগে, গত ৩০ এপ্রিল একটি দীর্ঘমেয়াদী পূর্বাভাস প্রকাশ করে আবহাওয়া অধিদপ্তর।
,