`ধানমণ্ডি ৩২ থেকে আটক রিকশাচালককে হত্যামামলার আসামি করা হয়নি'
ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে হত্যা মামলায় আসামি করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, তাকে সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানোর পর কারাগারে নেওয়া হয়েছে।
রোববার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ১৫ আগস্ট ধানমণ্ডি ৩২ নম্বর বাড়িতে ফুল দিতে গিয়ে মারধরের শিকার হন আজিজুর রহমান। পরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ২০২৪ সালের ৪ আগস্ট সায়েন্সল্যাব এলাকায় গুলিবিদ্ধ মো. আরিফুল ইসলামের করা হত্যাচেষ্টা মামলায় আজিজুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ে।
তবে ডিএমপি বলছে, আজিজুরের বিরুদ্ধে যে মামলা হয়েছে তা পেনাল কোডের অধীন একটি নিয়মিত মামলা। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে হত্যামামলার তথ্য ছড়ানো সর্বৈব মিথ্যা ও উদ্দেশ্যমূলক।
ডিএমপি সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছে।