ঢাকায় স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ
বাংলাদেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবা। আজ (বুধবার) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
চার দিনব্যাপী চলমান এই বিজনেস সামিটের তৃতীয় দিনে অংশগ্রহণকারীরা সরাসরি স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এ সময় এই প্রযুক্তির মাধ্যমে পুরো সম্মেলন সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
অনুষ্ঠানে ড. ইউনূস দেশের বিনিয়োগবান্ধব পরিবেশ, সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং সম্ভাবনাময় খাতে বিদেশি বিনিয়োগের সুযোগ তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশে ব্যবসা স্থানান্তরের জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময় এবং সরকার এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
এরই মধ্যে স্টারলিংক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে বিনিয়োগের নিবন্ধন পেয়েছে। গত ২৯ মার্চ স্টারলিংককে আনুষ্ঠানিকভাবে এই নিবন্ধন দেওয়া হয়। তবে বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করতে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে অনুমোদন নিতে হবে।
গত ৬ মার্চ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, স্টারলিংককে ৯০ দিনের মধ্যে কার্যক্রম শুরুর অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় চলতি বছর প্রথম বাণিজ্যিকভাবে স্টারলিংকের সেবা চালু হয় ভুটানে। এবার বাংলাদেশও মহাকাশভিত্তিক ইন্টারনেট প্রযুক্তির যুগে প্রবেশ করল।
এদিকে সম্মেলনের প্রথম দুই দিনে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কয়েকটি বিদেশি ব্যাংক ঋণ সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে। সরকারের পক্ষ থেকে বিনিয়োগকারীদের সুবিধার্থে নিয়ম-নীতি সহজীকরণ এবং জ্বালানি নীতি প্রণয়নের ঘোষণা দেওয়া হয়েছে।