দেশের অখণ্ডতা রক্ষায় নবীন সৈনিকেরা প্রয়োজনে জীবন দেবে : বিজিবি ডিজি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, দেশ মাতৃকার অখণ্ডতা রক্ষায় নবীন সৈনিকেরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের এক ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দেবে না।

বৃহস্পতিবার (১০ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়ায় বায়তুল ইজ্জতে বিজিবির বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) প্যারেড গ্রাউন্ডে ১০৩তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সকাল সাড়ে ৯টায় বিজিবি ডিজিকে সশস্ত্র সালাম প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। এরপর নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির ভাষণে বিজিবি মহাপরিচালক বলেন, ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে পরিচিত বিজিবি বাংলাদেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করছে। একই সঙ্গে সীমান্তভূমি ও সম্পদের সুরক্ষা, মাদক, অস্ত্রসহ অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ এবং নারী ও শিশু পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে দক্ষতার সঙ্গে কাজ করছে।

তিনি বলেন, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনের সহায়তাকারী বাহিনী হিসেবেও বিজিবি বিশ্বস্ততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে চলেছে।

নবীন সৈনিকদের উদ্দেশে ডিজি বলেন, ‘শৃঙ্খলা সৈনিক জীবনের অলংকার। আদেশ ও কর্তব্য পালনে যারা কখনো পিছপা হয় না, তারাই প্রকৃত সৈনিক।’ তিনি সততা, বুদ্ধিমত্তা, আনুগত্য, নির্ভরযোগ্যতা ও উদ্দীপনার মতো গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

নারী সৈনিকদের প্রতি আলাদাভাবে অনুপ্রেরণামূলক বার্তা দিয়ে তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে নারীদের অবদান অবিস্মরণীয়। আজকের নবীন নারী সৈনিকরাও বিজিবির কার্যক্রমে গতিশীল ভূমিকা রাখবে এবং বাহিনীর সুনাম ও সুখ্যাতি বাড়াতে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করবে।

বিজিবি ডিজি নবীন সৈনিকদের কুচকাওয়াজের প্রশংসা করে বলেন,“সীমান্তে দায়িত্ব পালনের সময় নবীনদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার ওপরই নির্ভর করবে বাহিনীর ভাবমূর্তি। কোনো অবস্থায় প্রতিপক্ষ বাহিনীর কাছে নমনীয় হওয়া যাবে না।

All Categories