দীর্ঘকাল অনিদ্রা মস্তিষ্কের জন্য ঝুঁকি বাড়ায়: বিশেষজ্ঞের সতর্কতা
পর্যাপ্ত ঘুম মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। ঘুমের সময় মস্তিষ্ক স্মৃতি সংরক্ষণ, স্নায়ুকোষের বর্জ্য অপসারণ এবং আবেগ নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে। দীর্ঘদিন ঘুমের অভাব থাকলে এসব প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে, যা ভবিষ্যতে স্ট্রোকসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে বলে জানিয়েছেন এক অভিজ্ঞ স্নায়ুরোগ বিশেষজ্ঞ।
ভারতের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগের পরিচালক ডা. অরুণ শাহ, যিনি ৪০ বছরের বেশি সময় ধরে স্নায়ুবিষয়ক চিকিৎসায় নিয়োজিত, বলেন যে ঘুমের সময় মস্তিষ্কের গ্লাইমফ্যাটিক সিস্টেম স্নায়ুকোষের ক্ষতিকর বর্জ্য দূর করে। একই সঙ্গে স্মৃতি ধারন ও আবেগ নিয়ন্ত্রণের প্রক্রিয়াও সক্রিয় থাকে।
বয়স্কদের জন্য প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম প্রয়োজন, যা মনোযোগ, সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান এবং আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে শুধু ঘুমের দৈর্ঘ্য নয়, ঘুমের পর্যায়গুলোর সঠিক সম্পন্নও অত্যন্ত জরুরি। ডা. অরুণ জানান, ঘুম যদি বারবার ভেঙে যায় তাহলে স্নায়ুর বর্জ্য অপসারণে সমস্যা দেখা দেয়। দীর্ঘমেয়াদী অনিদ্রা চিন্তার ধারাবাহিকতা ও কর্মক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলে এবং সময়ের সঙ্গে স্ট্রোকের ঝুঁকিও বাড়ায়।
ঘুমের গুণগত মান ও ধরনও স্ট্রোক ঝুঁকিতে প্রভাব ফেলে। দীর্ঘ সময় অধিক ঘুমানো বা হাইপারসোমনিয়া নামক অবস্থায় স্মৃতি ও চিন্তাশক্তি কমে যেতে পারে। বিশেষ করে ঘুমের সমস্যা বা বিষণ্নতা থাকলে এর প্রভাব বেশি হয়। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) ঘুমের সময় শ্বাসনালীর বাধার কারণে মস্তিষ্কে অক্সিজেন কমে যায়, যা গ্লাইমফ্যাটিক সিস্টেমের কার্যক্রম ব্যাহত করে এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। ডা. অরুণ বলেন, ওএসএ রোগীদের মধ্যে স্ট্রোক হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেশি।
মস্তিষ্কের কোনও অংশে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেলে বা রক্তনালি ফেটে গেলে স্ট্রোক হয়, যা দীর্ঘকালীন অনিদ্রার কারণে হতে পারে। তাই সঠিক ও পর্যাপ্ত ঘুম মস্তিষ্কের সুস্থতার জন্য অপরিহার্য।