দায়িত্ব পালন অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে

অন্তর্বর্তীকালীন সরকারের ওপর অর্পিত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হলে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলে সতর্ক করেছে উপদেষ্টা পরিষদ। শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে অনুষ্ঠিত এক অনির্ধারিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে কাজ করে যাচ্ছে। কিন্তু যদি সরকারের স্বকীয়তা, সংস্কার কার্যক্রম, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন এবং স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা হয় এবং দায়িত্ব পালন অসম্ভব করে তোলা হয়, তবে সরকার জনগণকে সঙ্গে নিয়ে উপযুক্ত পদক্ষেপ নেবে।

বিবৃতিতে আরও বলা হয়, শত প্রতিকূলতা সত্ত্বেও গোষ্ঠীস্বার্থকে উপেক্ষা করে সরকার দায়িত্ব পালন করে যাচ্ছে। তবে পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর অর্পিত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে, সরকার সকল কারণ জনসমক্ষে উপস্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

উপদেষ্টা পরিষদের মতে, দেশে স্থিতিশীলতা রক্ষা, নির্বাচন, বিচার ও সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং স্বৈরাচারের পথ চিরতরে রুদ্ধ করতে বৃহত্তর জাতীয় ঐক্য প্রয়োজন। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর বক্তব্য শোনা হবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করা হবে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত ওই বৈঠকে নির্বাচন, সংস্কার এবং বিচার—এই তিনটি প্রধান দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপদেষ্টা পরিষদ অভিযোগ করে, বিভিন্ন সময় অযৌক্তিক দাবি, উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও এখতিয়ার বহির্ভূত কর্মসূচির মাধ্যমে স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে, যা জনমনে সংশয় ও বিভ্রান্তি ছড়াচ্ছে।

চলমান রাজনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের প্রেক্ষাপটে সরকারের অবস্থান স্পষ্ট করতেই এ বৈঠক ডাকা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

All Categories