ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা,নেতৃত্বে আবিদ-হামিম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ প্যানেল ঘোষণা করেন।
ঘোষণার পরপরই মনোনীত প্রার্থীরা ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
ঘোষিত প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবিদুল ইসলাম খান। তিনি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জিএস পদে মনোনয়ন পেয়েছেন শেখ তানভীর বারী হামিম। তিনি কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ।
প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে আছেন আরিফুল ইসলাম; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এহসানুল ইসলাম; কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা; আন্তর্জাতিক সম্পাদক মো. মেহেদী হাসান; সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জিসান; ক্রীড়া সম্পাদক চিম চিম্যা চাকমা; ছাত্র পরিবহন সম্পাদক মো. সাইফ উল্লাহ (সাইফ); সমাজসেবা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক; ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মো. আরকানুল ইসলাম রূপক; স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আনোয়ার হোসাইন এবং মানবাধিকার ও আইন সম্পাদক মো. মেহেদী হাসান মুন্না।
সদস্য হয়েছেন মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মো. হাসিবুর রহমান সাকিব, মো. শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান এবং নিত্যানন্দ পাল।
তবে গত ১৫ জুলাই ছাত্রলীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্বীর প্রতি সম্মান জানিয়ে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি শূন্য রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, প্যানেলে আমরা ছাত্রসমাজের পরিচিত মুখ এবং জনপ্রিয় নেতৃত্বকে বেছে নিয়েছি। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত হয়েছে, অন্য কারো হস্তক্ষেপ নেই।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রলীগের অনেকেই অবস্থান করছে। প্রশাসন তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেয় না। পাশাপাশি ফ্যাসিবাদের দোসর শিক্ষকেরাও বহাল আছেন। তাঁদের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।