ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে সব বলে দেবো: ঢাবি ভিসি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন যে কোনো পরিস্থিতিতেই চ্যালেঞ্জিং। তবে কেউ যদি নির্বাচন কে বাধাগ্রস্ত করতে চায় বা করে তাহলে দায়িত্ব ছেড়ে দিয়ে কে কী করেছে সব বলে দেবো।
আজ শনিবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
উপাচার্য বলেন, এখন পর্যন্ত ছাত্র সংগঠনগুলোর আচরণ আশাব্যঞ্জক। পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। আমরা চেষ্টা করছি ভোট শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে আয়োজন করতে। কমিশনের দিকনির্দেশনায় সব কাজ হচ্ছে, এবং সকল অংশীজনের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যায় প্রতিহত করার ঐতিহ্য রয়েছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যেকোনো পরিস্থিতিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
সকল অংশীজন, বিশেষ করে সেনাবাহিনীসহ, একসঙ্গে মিলিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।