চ্যালেঞ্জের মধ্যেও ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ইসি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সরকারের কাছ থেকে শিগগিরই চিঠি পাওয়ার প্রত্যাশা করছে। তবে চিঠি না পেলেও নির্বাচন কমিশন আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানান তিনি।

বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন সিইসি।

সিইসি বলেন, নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে। আমরা আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন আয়োজনে কিছু চ্যালেঞ্জ থাকলেও ইসি সে অনুযায়ী প্রস্তুত হচ্ছে।

তিনি আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ভোটগ্রহণের প্রায় দুই মাস আগে ঘোষণা করা হবে।

নির্বাচনের বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে মানুষের আস্থা অর্জন, ভোটার উপস্থিতি বাড়ানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধকে গুরুত্ব দিচ্ছে কমিশন। তবে সিইসি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা চাই একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন। নির্বাচন হবে আয়নার মতো স্বচ্ছ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, বর্তমানে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আরও কয়েক মাস সময় রয়েছে, এর মধ্যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলে আমরা আশাবাদী।

সিইসি জানান, ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজ চলমান রয়েছে এবং নির্বাচনী উপকরণ কেনাকাটাও চলছে।

তিনি বলেন, আমরা আশা করছি, আগামী সেপ্টেম্বরের মধ্যেই বড় ধরনের প্রস্তুতিমূলক কাজগুলো শেষ করা সম্ভব হবে।

নির্বাচন কমিশনের লক্ষ্য, সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা এবং দেশের সাধারণ ভোটারদের সক্রিয়ভাবে ভোটের মাধ্যমে মত প্রকাশে উৎসাহিত করা।

All Categories