চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও দুজনের মৃত্যু
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
মারা যাওয়া দুজনই নগরের ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁদের একজন ৮০ বছর বয়সী কাজী আবদুল আউয়াল এবং অন্যজন ৯৫ বছর বয়সী রাবেয়া খাতুন। দুজনেরই বার্ধক্যজনিত নানা জটিলতা ছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত শনিবার তাঁরা মৃত্যুবরণ করেন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁদের ইমপেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয় জানায়, মোট ১২০টি নমুনা পরীক্ষা করে এই ৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ২ জন এবং এভারকেয়ার হাসপাতালে ১ জন শনাক্ত হন।
সব মিলিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জনে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নগরে করোনা সংক্রমণের হার ধীরে ধীরে বাড়ছে। এ পরিস্থিতিতে সবাইকে মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছে তারা। একই সঙ্গে অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার আহ্বানও জানানো হয়েছে।