চট্টগ্রামে এনসিপি-বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সমকালকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আন্দোলনের পটভূমিতে ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা দিনভর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুল এলাকায় অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৯ ঘণ্টার এ অবরোধে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
এদিকে একই দাবিতে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কে ডিআইজির কার্যালয়ের সামনে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা-কর্মীরা।
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার রাত ৯টার দিকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা পটিয়া শহীদ মিনার এলাকা থেকে দীপঙ্কর দে (২৯) নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করেন। পরে তাঁকে থানায় নিয়ে গেলে পুলিশ মামলা না থাকায় গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে উত্তেজনা ছড়ালে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
আন্দোলনকারীদের অভিযোগ, দীপঙ্কর ছাত্রলীগের নিষিদ্ধঘোষিত কর্মী হওয়া সত্ত্বেও থানায় মামলা নেয়নি পুলিশ। পরে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এতে কয়েকজন আহত হন বলে দাবি তাদের।
অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়, আন্দোলনকারীরা মিছিল নিয়ে দীপঙ্করকে মারধর করতে করতে থানায় নিয়ে আসেন। এরপর থানার ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়।