চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি পুরোদমে সচল
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের পূর্ণ কর্মবিরতি প্রত্যাহারের পর চট্টগ্রাম বন্দর ও অভ্যন্তরীণ কনটেইনার ডিপোর (আইসিডি) কার্যক্রম স্বাভাবিক হয়ে এসেছে। শনিবার (২৯ জুন) রাত থেকে পুনরায় শুরু হয়েছে কাস্টমস কার্যক্রম। এতে দীর্ঘদিনের অচলাবস্থার পর স্বস্তি ফিরেছে ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের মধ্যে।
রোববার (৩০ জুন) সকাল থেকেই কাস্টম হাউসে আমদানি-রপ্তানির প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলছে। কাস্টমস কর্মকর্তারা দায়িত্বে যোগ দেওয়ায় রপ্তানি পণ্যের পরিবহনও পুরোদমে শুরু হয়েছে। সক্রিয় হয়েছেন সিএন্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্টরাও।
কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, আমদানি মূল্যায়ন, ছাড়পত্রসহ সব কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে।
এর আগে আইসিডি থেকে ১ হাজার ৮৪৯ টিইইউ (২০ ফুট সমমানের কনটেইনার) রপ্তানি পণ্য সময়মতো বন্দরে পৌঁছাতে না পারায় নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) থেকে তিনটি জাহাজ ছাড়তে পারেনি।
সাইফ পাওয়ারটেকের টার্মিনাল ম্যানেজার মোশাররফ হোসেন বলেন, রাতেই বেশিরভাগ কনটেইনার বন্দরে চলে এসেছে। আশা করছি, রওনা হতে না পারা তিনটি জাহাজ আজ নির্ধারিত কনটেইনার নিয়ে ছেড়ে যাবে।
চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, রপ্তানি পণ্যের কাস্টমস ছাড়পত্র ও পরিবহন শনিবার রাতেই শুরু হয়েছে। আজ সকাল থেকে আমদানি পণ্যের কাগজপত্র প্রক্রিয়াকরণেও কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, এই অচলাবস্থায় যে বাণিজ্যিক ক্ষতি হয়েছে তা পূরণযোগ্য নয়। তবে কাস্টমস কর্মকর্তারা আন্তরিক হলে আটকে থাকা কাজ দ্রুত শেষ হবে।
চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম বলেন, ‘গত রাতেই সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়। আজ সকাল থেকে পুরোদমে চলছে। সব পক্ষের সমন্বিত উদ্যোগে কনটেইনার জট কমবে এবং রপ্তানি কার্যক্রম গতি পাবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের কার্যক্রম ২৪ ঘণ্টাই চালু থাকে। কাস্টমস কর্মকর্তারা রাতেই বিভিন্ন বিভাগে দায়িত্বে যোগ দেওয়ায় কার্যক্রম দ্রুত সচল হয়েছে।
আইসিডি মালিকদের সংগঠন বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, গত ৩৬ ঘণ্টায় প্রায় তিন হাজার কনটেইনার বন্দরে পৌঁছাতে পারেনি। তবে রাতেই দুই হাজার কনটেইনার পাঠানো হয়েছে। চেষ্টা চলছে যেন কোনো জাহাজ রপ্তানি পণ্য ছাড়া বন্দর না ছাড়ে।
চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র সাইদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও, নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘আজ সকাল থেকেই সবাই কাজে যোগ দিয়েছেন।