চীন সফরে যাচ্ছে এনসিপির ৮ সদস্যের প্রতিনিধি দল
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের একটি প্রতিনিধিদল চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন আগামী ২৬ আগস্ট। এনসিপির যুগ্ম সদস্যসচিব তাহসীন রিয়াজ এ তথ্য আজ নিশ্চিত করেছেন।
তিনি জানান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট মালয়েশিয়া সফর করবেন। মালয়েশিয়ার এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স চ্যাপটার এই সফরের আয়োজন করেছে। মালয়েশিয়া সফর শেষ করে নাহিদ ইসলাম চীনের সফরে নেতৃত্ব দেবেন আট সদস্যের প্রতিনিধিদলকে।
চীন সফরে প্রতিনিধি দলের সদস্যরা হচ্ছেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্যসচিব তাহসীন রিয়াজ।
তাহসীন রিয়াজ জানান, প্রতিনিধি দল চীনে ২৬ আগস্ট যাত্রা করবেন এবং ৩১ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।