ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ,জিম্বাবুয়ের টার্গেট ১৭৪ রান

বৃষ্টি বিঘ্নিত সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাট হাতে স্বস্তিতে ছিল বাংলাদেশ। ১১২ রানের লিড নিয়ে ৪ উইকেটে ১৯৪ রান তুলে দিন শেষ করেছিল স্বাগতিকরা। কিন্তু চতুর্থ দিন সকালে হঠাৎ করে ছন্দপতন মাত্র ৬১ রান যোগ করেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ। ফলে জিম্বাবুয়ের সামনে দাঁড়িয়েছে ১৭৪ রানের লক্ষ্য, যা পূরণ করতে পারলেই ২০১৮ সালের পর বাংলাদেশের মাটিতে আবারও ঐতিহাসিক টেস্ট জয় তুলে নেবে সফরকারীরা।

চতুর্থ দিনের প্রথম বলেই বাজে শুরু হয় বাংলাদেশের। আগের দিন অপরাজিত থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন। তার নামের পাশে ৬০ রান থাকলেও সময় ও পরিস্থিতির বিচারে আউটটি ছিল হতাশাজনক।

এরপর দ্রুত ফিরে যান মেহেদী হাসান মিরাজও। শুরুতে ব্যাট তুলে খেলার চেষ্টা করলেও ১১ রানে থেমে যান তিনি। এর মাঝেও কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জাকের আলী। তার লড়াইয়ে কিছুটা আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু মুজুরাবানির আগুনে বোলিংয়ে আর খুব বেশি দূর যেতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ২৫৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজুরাবানি দ্বিতীয় ইনিংসে নেন ৪ উইকেট। তার বলেই ভেঙে পড়ে বাংলাদেশের মিডল ও টেলেন্ড অর্ডার।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ১৯১ রানে অলআউট হয় শান্ত-মুমিনুলরা। মুমিনুল করেন ৫৬, শান্ত ৪০ ও জাকের আলী ২৮ রান। জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজুরাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা নেন ৩টি করে উইকেট। মেধেভেরে ও নায়োচি নেন দুটি করে।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ব্যাট হাতে দেখিয়েছে ধৈর্য ও দৃঢ়তা। ওপেনার ব্রায়ান বেনেট ৫৬ ও শন উইলিয়ামস করেন ৫৯ রান। দলের সংগ্রহ দাঁড়ায় ২৭৩ রান, ফলে তারা পায় ৮২ রানের লিড। বাংলাদেশের হয়ে মিরাজ ৫টি ও নাহিদ রানা ৩ উইকেট শিকার করেন।

চতুর্থ ইনিংসে ১৭৪ রানের লক্ষ্য সহজ মনে হলেও সিলেটের উইকেট এবং বাংলাদেশ বোলিং আক্রমণ সেই লক্ষ্য কঠিন করে তুলতে পারে। তবে শেষ দিনে সব নজর থাকবে জিম্বাবুয়ের ঐতিহাসিক জয়ের সম্ভাবনার দিকে আর বাংলাদেশ খুঁজবে ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ।

All Categories