বুড়িগঙ্গা নদী থেকে নারী-শিশুসহ ৪ মরদেহ উদ্ধার
বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৭টার দিকে নদীর পৃথক স্থান থেকে লাশগুলো উদ্ধার করা হয়। সদরঘাট নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া লাশের মধ্যে আছেন তিন বছরের এক শিশু, দুই নারী ও একজন পুরুষ। এখনো তাঁদের পরিচয় শনাক্ত হয়নি।
কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছে প্রথমে ৩০ বছর বয়সী এক নারীর লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। ওই নারীর গলায় কালো রঙের বোরকা পেঁচানো ছিল। পরনে ছিল গোলাপি রঙের সেলোয়ার-কামিজ। এক ঘণ্টা পর একই স্থান থেকে ওড়না দিয়ে জড়ানো তিন বছরের এক ছেলে শিশুর লাশ উদ্ধার করা হয়।
অন্যদিকে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের কাছে নদী থেকে আরও দুটি লাশ উদ্ধার করে নৌ–পুলিশ। এঁরা হলেন প্রায় ৪০ বছর বয়সী এক পুরুষ ও ৩০ বছর বয়সী এক নারী। পুরুষের পরনে ছিল কালো প্যান্ট ও চেক শার্ট, আর নারীর গায়ে ছিল ছাই রঙের গেঞ্জি ও লাল সেলোয়ার। তাঁদের শরীরে আঘাতের সামান্য চিহ্ন আছে বলে জানিয়েছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আকতার হোসেন বলেন, কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকা থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। আর জিনজিরা থেকে একজন নারী ও একজন পুরুষের লাশ উদ্ধার হয়েছে।