ব্রাজিল দায়িত্বে আনচেলত্তি, লক্ষ্য হেক্সা
রিয়াল মাদ্রিদের অধ্যায় শেষ। এখন নতুন চ্যালেঞ্জে ব্রাজিলে কার্লো আনচেলত্তি। সোমবার আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেছেন ইতালিয়ান এই কোচ। তাকে স্বাগত জানান ২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো লুইস ফেলিপে স্কলারি। সেই বিশ্বকাপ জয়ের পর কেটে গেছে দীর্ঘ ২২ বছর—ফুটবলের ‘হেক্সা’র স্বপ্ন এখনও অধরা।
ফুটবল দুনিয়ার অন্যতম সফল কোচ আনচেলত্তি এবার ব্রাজিলকে সেই স্বপ্ন ছুঁয়ে দিতে চান। ৬৫ বছর বয়সে এসে এই প্রথম জাতীয় দলের দায়িত্ব নিলেন তিনি। ক্লাব ফুটবলে চারটি চ্যাম্পিয়নস লিগসহ অগণিত ট্রফি জেতা এই কোচ এবার নেতৃত্ব দেবেন ব্রাজিলের রঙিন কিন্তু খোঁড়া আক্রমণভাগকে।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, এই চ্যালেঞ্জটা বড়। আমি দারুণ রোমাঞ্চিত। ব্রাজিল দলের সঙ্গে সবসময় এক ধরনের বন্ধন অনুভব করেছি। এই দলকে আবার বিশ্বচ্যাম্পিয়ন করার জন্য আমরা কাজ করব। বিশ্বের সেরা দলকে কোচিং করানো আমার জন্য গর্বের।
অনেক দিন ধরেই ব্রাজিল দল হারিয়েছে তাদের চেনা রূপ। নেই সেই দ্যুতি, নেই ধারাবাহিকতা। বিশ্বকাপে আশানুরূপ সাফল্য না পাওয়ার হতাশা আরও বাড়িয়েছে সমর্থকদের। দলকে ফের আগের জায়গায় নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ এখন আনচেলত্তির কাঁধে।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছে ২০০২ সালে। এরপর একে একে কেটে গেছে পাঁচটি আসর।
আনচেলত্তির অধীনে আগামী বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে মাঠে নামবে ব্রাজিল। আগামী ৬ জুন একুয়েডরের বিপক্ষে শুরু হবে সেই অভিযান। এরপর ১১ জুন প্রতিপক্ষ প্যারাগুয়ে।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ছয়টি দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে।
সব ঠিকঠাক চললে আনচেলত্তির ছোঁয়ায় আবারও ফুটবল বিশ্বের শীর্ষে ফিরতে পারে ব্রাজিল। আর হেক্সার অপেক্ষা ফুরোলে, ফুটবল ইতিহাসে আরেকটি মাইলফলক গড়বেন এই ইতালিয়ান কোচ।