বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের
অন্তর্বর্তীকালীন সরকারের ‘বিতর্কিত উপদেষ্টাদের’ পদত্যাগের দাবি জানিয়ে কঠোর গণতান্ত্রিক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মঙ্গলবার (২০ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে তিনি এই বক্তব্য দেন।
স্ট্যাটাসে ইশরাক হোসেন বলেন, আমি আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটির জনগণ ও ভোটারদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বাদে অন্য কোনো রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে যত ক্ষোভ থাকুক না কেন, আমরা যেন তাদের অসম্মান হয় এমন কিছু থেকে শতভাগ বিরত থাকি। আমরা সমালোচনা করি, রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে তাদের সতর্ক করি, তাদের ভুল ধরিয়ে দিই, কিন্তু অবশ্যই ভাষাগত শিষ্টাচার মেনে চলি।
তিনি আরও লিখেন, ‘অনেক কিছু দেখেছি আমরা, আর পেছনে দেশটাকে নিতে চাই না। অবশ্যই আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করব, দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেবো, নির্বাচনী স্পষ্ট রোডম্যাপ আদায়ের মাধ্যমে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেবো। এমনকি বর্তমানে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে কঠোর গণতান্ত্রিক আন্দোলনও করব। তবে আমাদের ভাষা ও আচরণ এমন হবে, যাতে জাত শত্রুও সমালোচনা করতে না পারে।
গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল এক রায়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেন। আদালতের রায়ের ভিত্তিতে গত ২৭ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশ করে।
এই গেজেট প্রকাশের পর থেকেই ইশরাক হোসেনের সমর্থকরা তার শপথ গ্রহণের দাবিতে আন্দোলন শুরু করেন। বর্তমানে নগর ভবনের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে।